।।নিজস্ব প্রতিনিধি ।।
কুমিল্লা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭’র (কুমিল্লা উত্তরাঞ্চল) চ্যাম্পিয়ন হয়েছে দাউদকান্দি উপজেলা।
শুক্রবার বিকেলে (২৯ ডিসেম্বর ২০১৭) দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে খেলায় দাউদকান্দি উপজেলা ৩-০ গোলে ব্রাহ্মণপাড়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শুরুতেই পুরো মাঠ জুড়েই খেলায় প্রাধান্য ছিল দাউদকান্দি উপজেলার খেলোয়াড়দের।
খেলা শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন, তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল হক ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম সরকারসহ অন্যান্য বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ ডিসেম্বর শুরু হয় কুমিল্লা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭। উদ্বোধনী খেলায় মেঘনা উপজেলাকে ৪-০ গোলে হারিয়েছিল দাউদকান্দি উপজেলা।
দুটি গ্রুপে টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল। দলগুলো হল :
১. দাউদকান্দি উপজেলা
২. হোমনা উপজেলা
৩. চান্দিনা উপজেলা
৪. বি. পাড়া উপজেলা
৫. দেবিদ্বর উপজেলা
৬. মুরাদনগর উপজেলা
৭. তিতাস উপজেলা
৮. মেঘনা উপজেলা
কুমিল্লা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭’র চ্যাম্পিয়ন হওয়ায় দাউদকান্দি উপজেলা দল ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী।