জয় দিয়ে এশিয়া কাপ শুরু টাইগার যুবাদের

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে নেপাল যুবাদের ২ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।

নেপাল যুবারা আগে ব্যাটিংয়ে নেমে ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান তুললে বৃষ্টি নামে। নেপালের ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন ভিম শারকি। ৪০ রান আসে রোহিত কুমারের ব্যাট থেকে। ৩০ রান করেন আসিফ শেখ। বাংলাদেশের নাঈম হাসান ৯ ওভারে ৩৩ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ, কাজী অনিক, আফিফ হোসেন ধ্রুব।

এরপর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ১৮১ রান। বাংলাদেশ যুবারা ৩৯.৫ ওভারে জয় তুলে নেয়।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার পিনাক ঘোষ ২৪ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার নাঈম শেখ করেন ইনিংস সর্বোচ্চ ৫২ রান।

দলপতি সাইফের ব্যাট থেকে আসে ১২ রান। ১৫ রান করেন তৌহিদ রিদয়। আফিফ ৩৯ বলে ৩৩ রান করে রানআউট হন। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ২০ বলে ২৩ রান। ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

আগামী ১৩ নভেম্বর গ্রুপের ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।