ক্রেমারের এক চোখের নিশানা! ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। ছবি: এএফপি
অ্যাওয়ে টেস্টে লিড? জিম্বাবুয়ের জন্য এ প্রায় ভুলে যাওয়া এক স্বাদ। ২০০০ সাল থেকে গত ১৭ বছরে প্রতিপক্ষে মাঠে প্রথম ইনিংসে লিড তারা পেয়েছিল মাত্র চারবার। তিনবার বাংলাদেশের মাটিতে, আরেকবার ওয়েস্ট ইন্ডিজে। সেই তালিকায় যোগ হলো কলম্বো। শ্রীলঙ্কাকে ৩৪৬ রানে অলআউট করে ১০ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে। দুই ওভারে দুটি চারে ৯ রান তুলে দ্বিতীয় ইনিংস শুরু করেছে জিম্বাবুয়ে।
১০ রান, তা যত কমই হোক না কেন, দুহাত পুরেই তা নিয়েছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো লিড পাওয়ার এই অর্জনটা তাদের মানসিক শক্তি জোগাবে দ্বিতীয় ইনিংসে। ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশন চলছে। এই টেস্ট এখন অনেক কিছুই হতে পারে। তবে জিম্বাবুয়ে আশা করবে একটা শক্ত রানের পুঁজি গড়ে চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলা। নিজেদের উইকেটেও স্পিনে যে শ্রীলঙ্কা ধুঁকতে পারে, ওয়ানডে সিরিজের পর প্রথম ইনিংসেও বেশ বোঝা গেছে।
গ্রায়েম ক্রেমার ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন। এমনকি শন উইলিয়ামস তাঁর অনিয়মিত স্পিনে নিয়েছেন ২ উইকেট। শ্রীলঙ্কাকে পোড়াচ্ছে দুটি রানআউটও।
সফরকারীরা লিড পেতে পারে—এই আলোচনা কালই শুরু হয়েছিল। ২৯৩ রানে ৭ উইকেট হারিয়ে যখন দিন শেষ করেছিল শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে তখনো ৬৩ রানে এগিয়ে।
তবে হেরাথকে নিয়ে আজ গুনারত্নে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলকে। ৪৮ রানে এই জুটি ভাঙলে লাকমলকে নিয়ে আরও ২১ রান যোগ করেন গুনারত্নে। একসময় তো মনে হচ্ছিল, শ্রীলঙ্কা বুঝি লিড নিতে দেবে না। কিন্তু ৩ রানের ব্যবধানে লাকমল আর গুনারত্নেকে ফিরিয়ে দলকে ১০ রানের লিড এনে দেন ক্রেমার। ৪৫ রান করে আউট হন গুনারত্নে।