দাউদকান্দিতে ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দিলীপ কুমার অধিকারী, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলীসহ অন্যান্যরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম।

বৃক্ষ মেলা উদ্বোধনের পর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ করেন জেলা প্রশাসক এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ছবি : বৃক্ষ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এবং অন্যান্য- অতিথিরা।

সবার জন্য উম্মুক্ত এই মেলায় পাইকারি ও খুচরা গাছের চারা বিক্রেতারা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃকর্মী, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।