দাউদকান্দিতে করোনা আক্রান্ত বিএনপি’র কাউন্সিলরের বাড়িতে খাদ্য পণ্য নিয়ে গেলেন মেজর মোহাম্মদ আলী (অব.)

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দিতে পৌর বিএনপি’র ও পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সালাউদ্দিন সরকারসহ করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি-বাড়ি ঘুরে ফল ও খাদ্য পণ্য পৌঁছে দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। এ সময় আক্রান্তদের খোঁজ-খবর নেন তিনি।

গত কয়েকদিনে দাউদকান্দি পৌর সদরে করোনাভাইরাসে (COVID-19) পৌরসভার মেয়র, কাউন্সিলরসহ ৬ জন ব্যক্তি আক্রান্ত হন।
৩১ মে, ২০২০) রোববার করোনা পজিটিভদের খোঁজ খবর ও মনোবল দৃঢ় করতে আকস্মিকভাবে তাদের না জানিয়ে “ভিটামিন সি” যুক্ত ফলমূল ও খাদ্যসামগ্রী নিয়ে আক্রান্ত ব্যক্তিদের বাড়ী বাড়ি যান “মানবতার ফেরিওয়ালা খ্যাত” দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তিনি এ খাদ্য পণ্য নিজে পৌঁছে দেন।

ছবি: দাউদকান্দি পৌর সদরে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি খাদ্যপণ্য নিয়ে যান,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ।

এসময় সাথে ছিলেন, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, এসআই জামান, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, আওয়ামী লীগ নেতা ও ফ্রান্স প্রবাসী আল-আমিন চৌধুরী, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, খাজা প্রধান ও সাহজাদা মজুমদার।

মেজর (অব.) মোহাম্মদ আলী দাউদকান্দিবাসীর উদ্দেশ্যে বলেন, দাউদকান্দি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সরকারি বিধি নিষেধ মেনে চলুন নিরাপদে ঘরে, অবস্থান করুন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান দেশের এই ক্রান্তিকালে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটাই এখন সর্বোত্তম কাজ। তাইতো দল-মত নির্বিশেষে এই মহামারী অবস্থায় সকলের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা সবাই পাশে থাকলে এবং সকল বিধিনিষেধ মেনে চললে ইনশাআল্লাহ, দাউদকান্দিতে করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব।

উল্লেখ্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, দাউদকান্দি পৌর সদরে এই পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা-১০ জন, এরমধ্যে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসার মাধ্যমে বর্তমানে সুস্থ-০২ জন এবং হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন – ০৮ জন।
দাউদকান্দি উপজেলায় ৭৭৫ জনের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা- ২৫ জন, চিকিৎসার মাধ্যমে সুস্থ-১১ জন, বাকি ১৪ জন চিকিৎসাধীন আছেন।

Comments (0)
Add Comment