||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, জনগণই আমার মূল শক্তি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি,২০২০) দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়ন বাজার সংলগ্ন বালুর মাঠে, বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে হাজারো ষড়যন্ত্র মোকাবেলা করে শুধুমাত্র এই জনগণের ভালোবাসাই মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা মার্কার মনোনীত প্রার্থী কুমিল্লা-১ আসনে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া জয়ী হন।
তিনি আরো বলেন, আগামী দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীক নিয়েই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাউদকান্দিতে তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন।
এ সময় মোহাম্মদ আলী ছাত্রলীগ নেতাদের ও সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পদপ্রার্থী নেতাদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগ বাংলাদেশের প্রাচীণতম ছাত্র সংগঠন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই সংগঠন।
বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান মোহাম্মদ আলী।
এতে বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির, বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকতার মেম্বার ও সাধারণ সম্পাদক সালাম খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রুবেল।