দাউদকান্দিতে ভিসি অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে সংবর্ধনা

||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দি- উপজেলার কৃতি সন্তান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য এবং দানবীর মহিউদ্দিন আহমদের সুযোগ্য সন্তান, জামালপুর “বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের” ভিসি ড. কামাল উদ্দিন আহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় বুধবার (৩০ অক্টোবর ২০১৯) বিকাল ৪টায়, উপজেলা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা ভূমি সহকারী অফিসার মো. সেলিম শেখ, দাউদকান্দি প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং দাউদকান্দি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, ড. কামাল উদ্দিন আহমদ একজন প্রগতিশীল শিক্ষাবিদ, আমার সৌভাগ্য হয়েছে তাঁর অধীনে শিক্ষা গ্রহণ করার। দাউদকান্দিবাসী গর্বিত, তাঁর মতো একজন কৃতি সন্তানকে পেয়ে। প্রফেসর ড. কামাল উদ্দিনকে জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল উদ্দিন আহমদ বলেন, আজ এখানে আমি সংবর্ধিত হতে পেরে খুবই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। দাউদকান্দি আমার নিজের জন্মস্থান। আমি যেখানেই থাকি না কেন দাউদকান্দির শিক্ষা কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন রাজনৈতিক খোঁজখবর সবসময়ই রাখি এবং সবসময় আপনাদের পাশে থেকে যাবো ইনশাল্লাহ। তিনি প্রাথমিক স্তরের সকল শিক্ষক-শিক্ষিকাকে বিনীত অনুরোধ করেন যেন প্রতিটি প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক ইতিহাস তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান দান করেন।

Comments (0)
Add Comment