তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মহিউদ্দিন শিকদারের বিচারের দাবিতে মানববন্ধন

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের তথাকথিত নেতা এবং ঢাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে দাউদকান্দির সর্বস্তরের জনগণ।

সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, গোয়ালমারী ও গৌরীপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত আসামি মহিউদ্দিন শিকদারের দাউদকান্দি আওয়ামী লীগে কোনো স্থান নেই। সে এই সমাজ ও এলাকার মান-সম্মান এবং ভাবমূর্তি নষ্ট করেছে। তাই মহিউদ্দিন শিকদারের উপযুক্ত শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, রোববার (২৯ সেপ্টেম্বর ২০১৯) রাজধানীর ধানমন্ডি এলাকায় এক নারীকে (২৭ বছর বয়সী) চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে  রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালক শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারের বিরুদ্ধে।  এ ঘটনায় গতকাল থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। এরপর রোববার রাতেই অভিযুক্ত শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments (0)
Add Comment