দাউদকান্দিতে বেসরকারি রংধনু হসপিটাল সিলগালা

।।নিজস্ব প্রতিনিধি।।

ভুল অস্ত্রপচারে প্রসূতি মায়ের মুত্যুর অভিযোগে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে বেসরকারি রংধনু হসপিটাল সিলগালা করে দিয়েছে প্রশাসন।

বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হসপিটালটিকে সিলগালা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. জালাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট শুক্রবার রংধনু হসপিটালে প্রসূতি নুরজাহান (২২) এর সিজারিয়ান অপারেশন করা হলে তার অবস্থার অবনতি ঘটে। সেখান থেকে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়। সোমবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান মারা যায়। এরপর নুরজাহানের পরিবার সদস্যরা ভুল অস্ত্রপচারের অভিযোগ এনে রংধনু হসপিটালে অবস্থান নেয়। সংবাদ পেয়ে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে যায়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য হসপিটাল মালিক মুকবুল হোসেনকে আটক করা হয়।  পরে গঠন করা হয় তদন্ত কমিটি।

চিকিৎসক সূত্র জানায়, রংধনু হসপিটালে অনভিজ্ঞ ডাক্তার দ্বারা অস্ত্রপচার এবং অতিরিক্ত রক্তক্ষরণের প্রভাবে নূরজাহানের কিডনি অকেজু হয়ে পড়ে। ফলে তার মৃত্যু হয়।

নিহত নূরজাহান তিতাস উপজেলার বাঘাইরামপুর গ্রামের ডালিম মিয়ার স্ত্রী।