মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে ২০১৯) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

এ সভার মাধ্যমে মেঘনা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীন।

এ  সময় মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। তার প্রমাণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিন সেতুই নির্দিষ্ট সময়ের আগে চালু করা হয়েছে। এর সুফল পাচ্ছেন দেশের লাইফলাইন খ্যাত এই মহাসড়কে যাতায়াতকারী কোটি যাত্রী। এখন ঢাকা থেকে কুমিল্লায় যেতে সময় লাগছে মাত্র দেড়ঘণ্টা।

সভায় সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুস ছালাম, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা ও দাউদকান্দি এবং মেঘনার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা হল রুমে সর্বস্তরের জনগণকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।