ড. মোশাররফ কলেজের উন্নয়নে এমপি জেনারেল ভূঁইয়ার ডিউ লেটার

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সরকারি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবারো ডিউ লেটার দিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।  সম্প্রতি কলেজে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সরকারি প্রকল্প পরিচালকের কাছে ডিউ লেটারের মাধ্যমে সুপারিশ করেন সুবিদ আলী ভূঁইয়া।

২৭ অক্টোবর ২০২৩, “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” প্রকল্প পরিচালকের কাছে সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া লেখেন, ‘শুভেচ্ছা নিবেন। আমার নির্বাচনী এলাকা ২৪৯ কুমিল্লা-১ এর দাউদকান্দি উপজেলা  পৌর এলাকার ড. খন্দকার মোশাররফ হোসেনে কলেজ ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি উপজেলা সদরের একটি সনামধন্য কলেজ। দীর্ঘদিন যাবৎ কলেজটি শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানে মোট ছাত্রছাত্রী ১৪১৭ জন। …শিক্ষাকে অধিকতর যুগোপযোগী করে তোলার জন্য অত্র কলেজে একটি “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” অত্যন্ত প্রয়োজন।

এমতাবস্থায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং শিক্ষা প্রসারের জন্য দাউদকান্দি উপজেলার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজে একটি “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” বরাদ্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি।’

ছবি: ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজে একটি “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” বরাদ্দের জন্য সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার ডিউ লেটার।

উল্লেখ্য, বিএনপি সরকারের দুইবারের মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়ার প্রধান রাজনৈতিক প্রতিন্দ্বন্দ্বী। তারপরও ড. খন্দকার মোশাররফ হোসেন প্রতিষ্ঠিত কলেজের উন্নয়নের জন্য সুবিদ আলী ভূঁইয়া নিয়মিত সুপারিশ এবং বিভিন্ন সুবিধা প্রদান করে আসছেন। এরআগে, সুবিদ আলী ভূঁইয়া নিজের প্রতিষ্ঠিত কলেজ ‘জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ’কে পাশ কাটিয়ে উপজেলার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজকে সরকারি করতে সরকারকে চিঠি দেন। পরে কলেজের নতুন ভবন বরাদ্দের জন্যও সুপারিশ করেন; ভবনটির বরাদ্দ শিগগির আসবে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment