দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলো ৪ শতাধিক শিক্ষার্থী

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর উদ্যোগে উপজেলার ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও ১০০শ শিক্ষক ঢাকায় সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছে। বৃহস্পতিবার ২৮ মার্চ ২০১৯, সকালে থেকে বিকেলে পর‌্যন্ত রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত এ প্রদর্শনী পরিদর্শন করেন তারা।

যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের  শিক্ষক ও শিক্ষার্থীরা আজকের প্রদর্শনীতে অংশ নেয়, তা হল-ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ, চিনমুড়া এল এন উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা, জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা এবং সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।

ছবি: সামরিক শৃঙ্খলা মেনে প্রদর্শনীতে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

পরিদর্শনের শিক্ষক-শিক্ষার্থীরা পুরাতন বিমানবন্দরের রানওয়ে জুড়ে সামরিক বাহিনীর ৫৫টি স্টল, সশস্ত্র বাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম, ট্যাংক, সাঁজোয়া যান, নৌবাহিনীর জাহাজের রেপ্লিকা, সাবমেরিন, ডকইয়ার্ড পরিদর্শন করে। এছাড়াও আধুনিক যুদ্ধবিমান ও জাহাজের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা। এতে  সামরিক জ্ঞান অর্জনের পাশাপাশি দাউদকান্দির তরুণ ছাত্রছাত্রীরা  সেনা, নৌ ও বিমান বাহিনীতে যোগ দিয়ে দেশসেবায় আত্মনিয়োগের জন্য উৎসাহিত হয়।

ছবি: দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে দুপুরের খাবার খাচ্ছেন প্রদর্শনী পরিদর্শনে আসা শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২৬ মার্চ শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এ প্রদর্শনী।  ৩০ মার্চ দুপর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং ৩১ মার্চ দুপর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের পরিবারবর্গ ও তিন বাহিনী পরিচালিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।