ছাত্রলীগের ১ সেপ্টেম্বরের সমাবেশ, দাউদকান্দি ও তিতাস শাখার ব্যাপক প্রস্তুতি

।। নিজস্ব প্রতিনিধি।।

আগামী পহেলা সেপ্টেম্বর ২০২৩, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী, সংগঠনের শিক্ষার্থী বন্ধু, ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন। সর্ববৃহৎ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সমাবেশকে সফল ও সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিতকরণকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলা ছাত্রলীগ। এর পরিপ্রেক্ষিতে রোববার (২৭ আগস্ট ২০২৩) বিকেলে দাউদকান্দি উপজেলায় বিশেষ প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। এতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকরাসহ অন্যান্য শীর্ষ ছাত্রনেতারা উপস্থিত থাকবেন।

জানা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও  গ্রাম পর‌্যায়ে কাজ করছেন। সার্কিক সহযোগিতা করছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান  মেজর (অব.) মোহাম্মদ আলী। তিতাস উপজেলায়ও কাজ করছেন সংশ্লিষ্টরা।

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়ন জানান, ‘পহেলা সেপ্টেম্বরের মহাসমাবেশকে সামনে রেখে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ, আমরা বহুসংখ্যক নেতাকর্মীকে নিয়ে সম্মেলনে অংশ নেবো।’

উল্লেখ্য, গতকাল শনিবার (২৬ আগস্ট ২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মহাসমাবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলে ধরেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সেখানে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে যার মাধ্যমে সাড়া দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশে স্বাগত জানানো হবে। একইসাথে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে পহেলা সেপ্টেম্বর শেখ হাসিনার ছাত্র সমাবেশ সম্পর্কে।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, ‘পহেলা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে এ দেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি- জামায়াতের জন্য একটি আলটিমেটাম। এই ছাত্র সমাবেশ থেকে এদেশের শিক্ষার্থী বন্ধুরা, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করবে।’

Comments (0)
Add Comment