।। নিজস্ব প্রতিনিধি।।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করে কুমিল্লা-১(দাউদকান্দি মেঘনা) এবং কুমিল্লা-২(তিতাস ও হোমনা) সংসদীয় আসনের সীমানা পরিবর্তন আবেদনকারী মেঘনা আওয়ামী লীগের সভাপতি ও সা. সম্পাদককে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান [শ্রেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আরী(অব.)।
ইসি’র সংসদীয় আসন পুনর্গঠনের খসড়ায় কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার বক্তব্যে তিনি এ দাবি জানান।
এ সময় তিনি বলেন, গত ১৮ অক্টোবর ২০১৭, নির্বাচন কশিনের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংলাপ অনুষ্ঠিত হয়। এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ না করতে ইসিকে দলীয় সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। গুরুত্বপূর্ণ এই সংলাপে দলের সিনিয়র নেতারা অংশ নেন। কিন্তু মেঘনা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক রতন শিকদারসহ আরও কিছু ষড়যন্ত্রকারী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইসির কাছে কুমিল্লা-১ আসনের সীমানা পরিবর্তনের আবেদন করেছে।এতে স্পষ্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তারা। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদেরকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানাই।
এ সময় তিনি আরও বলেন, সীমানা পরিবর্তনের আবেদনটি ছিল মূলত বিএনপির। মেঘনা আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা মূলত বিএনপির সাথেই একাত্মতা ঘোষণা করেছে। এতে তাদের আসল রূপ পরিস্কার হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুস সালাম, তিতাস আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন, দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।