।।নিজস্ব প্রতিনিধি।।
ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এড. শফিউল বশর ভাণ্ডারী বলেছেন, কুমিল্লা-১ [দাউদকান্দিও মেঘনা] সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল রাখার জন্য জনগণ রাজপথে লড়বে, আর আমি আদালতে লড়বো।
ইসি’র সংসদীয় আসন পুনর্গঠনের খসড়ায় কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
কুমিল্লার দাউদকান্দি, হোমনা, তিতাস ও মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
নাঙ্গলকোট সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি রায়ের কপি হাতে নিয়ে এ সময় তিনি বলেন, আমরা আজকে বাধ্য হয়ে জাতীয় প্রেসক্লাবে দাঁড়িয়েছি। মহামান্য আদালত নাঙ্গলকোট এলাকার সংসদীয় আসন সংক্রান্ত ইসির সিদ্ধান্তকে বেআইনী ঘোষণা করেছে, রায়ে সংসদীয় সীমানা পূর্বের অবস্থায় বহাল রাখা রাখা হয়েছে। তেমনিভাবে দাউদকান্দি-হোমনা এলাকার সংসদীয় আসন সীমানা পুনর্বহাল ঘোষিত হওয়ারও সকল কারণ বিদ্যমান আছে। সংসদীয় সীমানা পুনর্গঠনের খসড়ায় অন্যায় প্রস্তাব করায় দাউদকান্দির মানুষ, আইন সবাই মিলে এর বিরোধিতা করছে।
এ সময় শফিউল বশর ভান্ডারী আরও বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই কুমিল্লা-১ আসনের সীমানা পুনর্বহাল করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুস সালাম, তিতাস আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন, দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।