হসপিটাল ল্যাব টেকনিশিয়ানের লাশ পরিত্যক্ত ডোবায়!

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দির গৌরীপুরস্হ বেসরকারি ক্লিনিক দেশ হসপিটালের ল্যাব টেকনিশিয়ান এমদাদুল হক মিঠু(২৬) নামের এক যুবকের জবাই করা লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার গৌরীপুরের দেশ হসপিটালের দু’শ গজ পিছনে ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত এমদাদুল হক মিঠু, কুমিল্লার মুরাদনগর উপজেলার হাড়পাটনা গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে।

মিঠুর বড় বোন হোসনে আরা বলেন, আমার ভাই একজন ছাত্র, পড়ালেখার পাশাপাশি সে চাকরি করে নিজের লেখাপড়ার খরচ বহন করতো এবং হাসপাতালের ভবনেই বাস করতো। আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

দেশ হসপিটালের পরিচালক কুতুব উদ্দিন জানান, মিঠু হাসপাতালের তিনতলায় একটি রুমে থাকতো। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে বের হয়ে যায় । রাতে আর ফিরে আসেনি।আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী জানান, ধারনা করা হচ্ছে কেউ শত্রুতামূলক পরিকল্পিতভাবে তাকে জবাই করে হত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

Comments (0)
Add Comment