দাউদকান্দিতে মৎস্য চাষ ব্যবস্থাপনা উন্নয়নে চাষীদের প্রশিক্ষণ প্রদান

||শাহিন আহমেদ|| কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ২০২০-২০২১ অর্থবছরে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে মৎস্য চাষীদের দেশীয় প্রজাতির মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে তিন দিনব্যাপী এই “চাষি প্রশিক্ষণ” কর্মসূচি শুরু হয়েছে।
উল্লেখ্য- দাউদকান্দি উপজেলার প্লাবনভূমিতে মৎস্য চাষের পাশাপাশি দেশীয় প্রজাতি মাছের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
প্রশিক্ষণে মৎস্যচাষীদের মৎস্য চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ, খোলা জায়গায় পাশাপাশি খাঁচায় মাছ চাষ ব্যবস্থাপনা, পোনা মাছ চাষ ব্যবস্থাপনা, পাবদা, গুলশা, টেংরা, মাগুর, শিং, কৈসহ অন্যান্য দেশীয় প্রজাতির মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন চৌধুরী জানান, প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদেরকে কিভাবে অল্প জায়গায় সঠিক পদ্ধতিতে দেশীয় মাছের চাষ করা হয়, মাছকে সঠিক পরিমাণে খাদ্য প্রদান, রোগাক্রান্ত মাছকে আলাদাকরণ, পুকুরে চাষাবাদের সময় পুকুরকে জীবাণুমুক্তকরণ ও সঠিক পরিমাণে চুন প্রয়োগ, রাক্ষসে মাছ কে আলাদাকরন করে চাষ করাসহ পানি পরিবর্তন করার পদ্ধতির উপর মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এছাড়াও তিনি আরও জানান, উপজেলা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে চাষীদেরকে প্রশিক্ষণের পাশাপাশি মৎস্য চাষীদের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

প্রশিক্ষণ নিতে আসা বাড়পাড়া ইউনিয়নের মৎস্যচাষী শাহ-আলম বলেন, উপজেলা মৎস্য অফিসে প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে শুরু করেছিলাম। একজন প্রশিক্ষিত চাষি এবং অদক্ষ চাষী মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে উৎপাদন। প্রশিক্ষিত মানুষ সঠিক পদ্ধতিতে অল্প সময়ে অধিক মাছ উৎপাদন করতে সক্ষম। এই প্রশিক্ষণের মাধ্যমে পাঙ্গাশ, রুই, কাতল মাছের সাথে দেশীয় মাছ উৎপাদনে ব্যপক ভূমিকা রাখবে বলে
তিনি জানান।

Comments (0)
Add Comment