||শাহিন আহমেদ||
কুমিল্লা -১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের ১১ জনের নামে দৈনিক যুগান্তরে প্রকাশিত দুর্নীতি ও অনিয়ম সংশ্লিষ্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রোববার (২৫ জুন ২০২৩) বিকালে উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
তিনি বলেন, গেল ২৪ জুন ২০২৩ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত “আলাদিনের চেরাগ” পেয়েছেন আশীর্বাদপুষ্ট ওরা ১১ জন, শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয় তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১ জনের পক্ষে পৃথক পৃথকভাবে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। যুগান্তর কর্তৃপক্ষ যদি পূর্ব প্রকাশিত খবরের প্রেক্ষিতে ক্ষমা না চায় এবং প্রতিবাদ না ছাপালে সরাসরি আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ, আল-আমিন, ইলিয়টগঞ্জ উঃ ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্না, আব্দুল হালিম প্রমুখ।