থালা-বাটি নয়, উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে শিক্ষার্থীদের দেয়া হলো মুক্তিযুদ্ধের বই

।। নিজস্ব প্রতিনিধি।।

স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের গান, কুইজ ও ক্রীড়াসহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে থালা-বাটি তুলে দেয়াটা পুরনো ধ্যান–ধারণা। এবং অযৌক্তিকও। এ থেকে শিক্ষার্থীদের শেখার নেই কিছুই। তাই বর্তমানে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে শিক্ষামূলক বই। বিশেষ করে মুক্তিযুদ্ধের বই। যাতে কোমলমতি ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের নানা ঘটনাবলী জেনে দেশপ্রেমে উৎসাহিত হতে পারে।

সম্প্রতি কুমিল্লার দাউদকান্দিতে একটি স্কুলের শিশু শিক্ষার্থীদেরকে পুরস্কার হিসেবে প্লেট দেয়া হয়। এ নিয়ে সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসার পর শিশুদের হাতে থালা-বাটির পরিবর্তে শিক্ষামূলক বই তুলে দেয়ার উদ্যোগ নেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

এরই অংশ হিসেবে রোববার ২৫ মার্চ ২০১৯, দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধভিত্তিক বই তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব লীল মিয়াসহ অন্যান্যরা।

উল্লেখ্য, সম্প্রতি মেজর মোহাম্মদ আলী (অব.) কে সভাপতি করে চার সদস্যের স্কুলটির এডহক ম্যানেজিং কমিটি ঘোষণা  করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। এতে সদস্য সচিব করা হয় স্কুলের প্রধান শিক্ষককে। জেলা শিক্ষা অফিসার মনোনীত সদস্য করা হয় জেসমিন আক্তারকে। এবং উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য করা হয় মোহাম্মদ নজরুল ইসলামকে।