||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় এবং ইংরেজি শিক্ষকদের পরীক্ষা নেন। তিনি বলেন, সুশিক্ষিত-দক্ষ শিক্ষক সমাজ ও জাতি গঠনে সহায়ক। ভালো শিক্ষক ভালো শিক্ষার্থী তৈরি করে জাতিকে এগিয়ে নিয়ে যায়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি,২০২০) দাউদকান্দি পৌর সদরের মাধ্যমিক স্কুলগুলোতে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি স্কুলের শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তিনি পৌরসভা উচ্চ বিদ্যালয় এবং দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষে ইংরেজির দক্ষতার উপর আরো বেশি জোরদার হতে হবে,এবং শিক্ষকদের কে ইংরেজি ক্লাসে বাংলায় কথা না বলার কঠোর নির্দেশনা দেন। তিনি আরো বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, পাশাপাশি তাদেরকে সমসাময়িক বিশ্ব সম্পর্কে ধারণা দিতে হবে। শিক্ষার্থীদেরকে বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষা সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভের নির্দেশ দেন মোহাম্মদ আলী।
এরপর তিনি দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষকদের শিক্ষা কার্যক্রম মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত “ইন হাউস ট্রেনিং” এ শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।