দাউদকান্দিতে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে দলখলমুক্ত ১৪শ বিঘা কৃষি জমি, স্বস্তি চাষিদের মাঝে

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের চেঙ্গকান্দি গ্রামে কয়েকটি সেতুর নিচে বাঁধ দিয়ে প্রায় ১৪শ বিঘা আবাদি জমি দখল করে একটি প্রভাবশী মহল মৎস্য চাষ প্রকল্প গড়ে তুলেছিল। এতে করে স্থানীয় কৃষকদের জমি আবাদ বন্ধ হয়ে পড়ে। বেকার হয় কয়েকশ কৃষক পরিবার। প্রতিবাদ করলে জমির মালিক কৃষকদের হত্যার হুমকি দিতো প্রভাবশালীরা। দাউদকান্দির চরাঞ্চলে কয়েকবছর ধরে কৃষকদের ওপর চালানো এই অন্যায়-জুলমের অবসান হয়েছে সম্প্রতি। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর হস্তক্ষেপে মুক্তি মিলেছে কৃষকদের। সেতুর নিচে অবৈধ বাঁধ ভেঙ্গে দিয়েছেন্ উপজেলা চেয়ারম্যান। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় কৃষকদের মাঝে। শনিবার দুপুরে বাঁধভেঙ্গে উদ্ধার হওয়া জমি ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী।

ছবি : ব্রিজের নিচে অবৈধভাবে বাঁধ দিয়ে কৃষি জমি দখল করেছিল প্রভাবশালীরা। উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে অপসারণ করা হচ্ছে বালি, ভাঙ্গা হচ্ছে বাঁধ।

এ সময়ে উপজেলা চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জানান,  কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া মহোদয়ের নির্দেশে আমি এখানে এসেছি।

স্থানীয় জনগণ ও কৃষকদেরকে আশ্বস্ত করে তিনি বলেন,

কোনো সন্ত্রাস,  রাজনৈতিক পরিচয় কিংবা এমপি মহোদয়ের নাম ভাঙ্গিয়ে কেউ যদি জনগণের উপর জুলুম-নির্যাতন করে সেটাকে সহ্য করা হবে না। সন্ত্রাসীদের আস্তানা এই এলাকায় থাকবে না। তাদের শিকড় উপরে ফেলা হবে।

যে কোন প্রয়োজনে সাধারণ জনগন সরাসরি উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন মোহাম্মদ আলী।

এই সাহসী ও অতি জরুরি উদ্যোগের জন্য স্থানীয় কৃষকরা মেজর মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানান এ সময়। মেজর মোহাম্মদ আলীকে বুকে জড়িয়ে ধরেন স্থানীয় কৃষকরা।