।। নিজস্ব প্রতিনিধি।।
জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে কঙ্গোর উদ্দেশে রওনা দিয়েছেন।
পাঁচ দিনের এ সরকারি সফরের উদ্দেশে প্রতিনিধি দলটি শনিবার (২২ জুন ২০১৯) ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে প্রতিনিধি দলটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি তারা বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টসমূহও পরিদর্শন করবেন।
এছাড়া প্রতিনিধি দল কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। কঙ্গোতে তারা এসআরএসজি, ডিএসআরএসজি, ফোর্স কমান্ডার, ইউএন পুলিশ কমিশনার এবং ইতুরি প্রদেশের গর্ভনরের সাথে মত বিনিময় করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফর শেষে প্রতিনিধি দল আগামী ২৯ জুন ২০১৯, দেশে ফেরার কথা রয়েছে।