|| নিজস্ব প্রতিনিধি || জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরায়েরচর (কুমিল্লা)-মতলব উত্তর (ছেঙ্গারচর) আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততা উন্নতিকরণে ৫শ ২৪কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) একনেকের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পটিসহ ৩ হাজার ৪শ ৬১কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে মোট সাতটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গণভবন থেকে অনলাইনের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে একনেক সভায় যোগদেন।
সভা শেষে সাংবাদিকদের জুম মিটিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
জানা যায়, এ প্রকল্পটি নিয়ে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল এর জোর সমর্থন ছিল। তাঁদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে একনেকে এ প্রকল্পটি অনুমোদন পায়।
এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব কমবে ৭২ কিলোমিটার হবে বলে জানানো হয়। এছাড়া প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা রয়েছে।
তবে, গোয়ালমারী – শ্রীরায়েরচর – মতলব উত্তর ( ছেঙ্গারচর ) সড়কটি নির্মাণে ব্যয় হবে ৫শ ২৪কোটি ৩৭ লক্ষ টাকা । সড়কটির দৈর্ঘ্য ২২.২০ কিলোমিটার । সড়কের প্রশস্ততা হবে ৩২ ফুট আর পাঁকা অংশের প্রশস্ততা হবে ১৮ ফুট । গাড়ি চলাচলের সুবিধায় বাঁকগুলো সোজানো হবে । এছাড়াও গোয়ালমারী বাজার বাইপাশ করা হবে । বিদ্যমান ঝুঁকিপূর্ন বেইলী সেতুগুলো ভেঙ্গে, সোজা করে খালের উপর নতুন পি সি গার্ডার সেতু নির্মাণ করা হবে। দাউদকান্দি ও মতলব উত্তরের জনগন এর সরাসরি সুফল পাবে বলে আশা করা হচ্ছে ।
তবে, প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় দাউদকান্দি-মতলব(উঃ), লক্ষ্মীপুর ও বৃহত্তর চাঁদপুরের সাধারণ মানুষ উচ্চাস প্রকাশ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চাঁদপুরের সাথে ঢাকার যোগাযোগ আরো সহজ হবে বলে মনে করেন এ অঞ্চলের মানুষ।