।।নিজস্ব প্রতিবেদক।।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর উদ্যোগে এবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন করা হচ্ছে। এর আওতায় ২০ বেডের একটি ওয়ার্ড থাকবে।
দাউদকান্দি উপজেলা করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ও মুমূর্ষু রোগীদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যেই, প্রাথমিকভাবে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হচ্ছে। অতি দ্রুত সময়ের মধ্যেই এটি স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দাউদকান্দিতে করোনা আক্রান্ত রোগীদের ও সাধারণ সকল রোগীদের চিকিৎসার মুল কেন্দ্র দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । ৫০টি শয্যা নিয়ে এই হাসপাতাল চিকিৎসা দিয়ে আসছে করোনা আক্রান্তদের। কিন্তু এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট ছিল না, তাই হাইফ্লো অক্সিজেন যন্ত্র স্থাপন করা সম্ভব হয়ে উঠেনি।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, দাউদকান্দিতে উন্নত সেবা একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হয়। তবে চলমান করোনা ভাইরাসের কারণে আধুনিক যন্ত্রপাতির ব্যাপক চাহিদা রয়েছে এখানে । এছাড়াও মুমূর্ষু রোগীকে বেডে অক্সিজেন দেয়া সম্ভব হয় না। এই কঠিন মুহূর্তে দাউদকান্দির কিছু মহানুভব ব্যক্তিদের সহযোগিতায়, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করতে যাচ্ছি। এজন্য আমি দাউদকান্দিবাসীর কাছে কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অচিরেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো আধুনিকায়ন ও উন্নত চিকিৎসার সব ধরনের যন্ত্রপাতি কেনা হবে। চিকিৎসার জন্য দাউদকান্দিবাসীকে আর ঢাকা কিংবা কুমিল্লা যেতে হবে না।