কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মুন্সি বাড়ির মধ্যবিত্ত পরিবারের মো: আবু বকর সিদ্দিক ও তহুরা বেগম দম্পতির সন্তান মোহাম্মদ তরিকুল ইসলাম ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১০৪ জনকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন ।
এরপর থেকে দাউদকান্দির তরিকুলকে নিয়ে মেতে ওঠে দেশ বিদেশের মিডিয়া । কিন্তু অনেকেই জানেনা কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা দাউদকান্দির তরিকুল টাকার অভাবে ২০১৫-১৬ সালে বাছাই পর্বে মিশর, সৌদি আরব যেতে পারেনি । তরিকুলের আপন ছোট ভাই আরিফুল ইসলামের মারফত জানা যায়, ২০১৫ সালে সৌদি আরবে বিশ্ব কোরআন প্রতিযোতায় বাংলাদেশের বাছাই পর্ব প্রথম স্থান অধিকার করেও টাকার অভাবে অংশ গ্রহন করার সুযোগ পায়নি তরিকুল। এর পর ২০১৬ সালে মিশর বাছাই পর্বে প্রথম হলেও আর্থিক সমস্যা থাকার কারনে যেতে পারেনি।
সূত্র আরো জানায়, কয়েক বছর আগে কচুয়া হাফেজী মাদ্রাসা থেকে জেলা পর্যায়ে প্রথম স্থান করার পর তরিকুল নজরে আসে। ফুফাতো ভাই হাফেজ মোঃ নূরুদ্দিন হোসেনের মাধ্যমে ২০১৪ সালে মাছরাঙ্গা টেলিভিশনে অনুষ্ঠিত আল কোরআনের আলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমস্থান লাভ করে। ২০১৫ সালে বাংলাভিশন টিভি’র কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রথম হয়। ২০১৭ সালে এনটিভি’র কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পঞ্চম হয়েছে তবে প্রতিযোগিতাটি শেষ হয়নি। এরই মাঝে বিশ্বের ১০৪ দেশকে পিছনে ফেলে প্রথম হয়েছে তরিকুল।
তরিকুলের বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। চার বোন তিন ভাইয়ের মধ্যে তরিকুল পঞ্চম।