।। নিজস্ব প্রতিনিধি।।
তৃণপর্যায়ে দেশের আলোচিত ফুটবলার ও ফুটবল উন্নয়নের উদ্যোক্তা ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমি আমার এলাকাকে যা বানানোর স্বপ্ন দেখি, সুবিদ আলী ভূঁইয়া সাহেব নিজের এলাকায় অলরেডি তা বানায় ফেলছেন। জুরানপুর শিক্ষা কমপ্লেক্স ও আশপাশের উন্নয়ন দেখে আমি বিমোহিত। আমি জেলাস ফিল করছি।
সোমবার (১৮ অক্টোবর ২০২৩) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মেজর (অব.) সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে, তিনি এ কথা বলেন। এ সময় জুরাপর স্টেডিয়ামে বিপুর দর্শকের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখানে একটি বিশেষত্ব হল- বিপুল দর্শকের অধিকাংশই তরুণ। আমি চাচ্ছি, ফুটবলের মাধ্যমে মানুষকে মাঠে নিয়ে আসতে। অনেক মানুষ যখন সবাই একত্রিত হয় তখন সেখান থেকে ভালো কিছু বের হয়ে আসে। মাঠে তাদের সঙ্গে আলোচনা করা যায়- বক্তৃতার মাধ্যমে হোক বা ভালোবাসার মাধ্যমেই হোক। তাদেরকে নান বিষয়ে সচেতন করা যায়। পরিবেশ রক্ষার কথা বলা যায়। মাদক থেকে দূরে রাখা যায়।
এ সময় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ব্যারিস্টার সুমনের পাশে ছিলেন।
ছবি: জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মেজর (অব.) সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ পরবর্তী লক্ষাধিক দর্শকের একাংশ।
এর আগে বিকেল ৪টায় জুরানপুর স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মেজর (অব.) সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় কেউ কাউকে হারাতে পারেনি। খেলায় ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমির পক্ষে অংশ নেন। খেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া।
খেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহিনুল হাসান। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি রবিউল হোসেন লিয়ন।