।। নিজস্ব প্রতিনিধি।।
ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র প্রসিদ্ধ গৌরীপুর ও মেঘনা সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করতে জাতীয় সংসদে আবারো দাবি জানিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব শীর্ষক বক্তব্যে তিনি এ দাবি জানান।
বক্তব্যে সুবিদ আলী ভূঁইয়া বলেন,
মাননীয় স্পিকার,
৫টি সংসদীয় আসন ও ৭টি উপজেলা নিয়ে সাবেক কুমিল্লা উত্তর মহকুমাটিকে জেলা ঘোষণার দাবিটি আমি এই মহান সংসদে গত মেয়াদে একাধিকবার তুলেছি। দাবিটা এতটাই জরুরি যে এর সাথে ৩০ লাখ মানুষের স্বার্থ জড়িত। এটি জেলা ঘোষণা করা হলে এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রশাসনিক, অর্থনৈতিকসহ নানাবিধ দুর্ভোগ লাঘব হবে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রী এবার আর বিমুখ করবেন না। আমার এলাকার মানুষ বিশ্বাস করে তাদের প্রাণের দাবি এক মাত্র শেখ হাসিনাই পূরণ করতে পারেন।
মাননীয় স্পিকার,
আমি আপনার মাধ্যমে এই মহান সংসদে আরও কয়েকটি দাবি তুলে ধরছি।
১. মেঘনা নদীর শাখা, গোমতী, কাঠালিয়া, কালাডুমুর, খিরাইসহ বিভিন্ন নদী খনন করা।
২. দাউদকান্দি ও মেঘনার আশ্রয়হীন লোকদের ঘরের ব্যবস্থা করে দেওয়া।
৩. মেঘনা-গোমতী নদীর ভাঙ্গন থেকে দাউদকান্দি ও মেঘনার বিভিন্ন গ্রাম রক্ষায় বাঁধ ও অবকাঠামো নির্মাণ করা।
৪. গৌরীপুরকে পৌরসভায় উন্নীত করা।
৫. দাউদকান্দিকে নদী বন্দরে রূপান্তর করা।
৬. দাউদকান্দিতে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ।
৭. মেঘনায় একটি খাদ্য গুদাম তৈরী করা।
৮. মেঘনা সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা।
৯. ফেনী-লাকসাম-দাউদকান্দি হয়ে ঢাকা পর্যন্ত রেল পথ স্থাপন।
জয় বাংল জয় বঙ্গবন্ধু
মাননীয় স্পিকার, আবারও আপনাকে ধন্যবাদ।