।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা আওয়ামী লীগ কমিটি নিয়ে টাল বাহানা ও অনৈতিকতার অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করেছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লালুর রশীদ দোলন। গতকাল বুধবার তিনি কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার বরাবর চিঠি লিখে পদত্যাগ করেন।
চিঠিতে তিনি লিখেন, ২০১৫ ইং সনে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে এড. আহসান হাবিব চৌধুরীকে সভাপতি ও ইঞ্জিনিয়ার আব্দুস ছালামকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি। উক্ত অনুমোদিত কমিটি অত্যন্ত দক্ষতার সাথে সমগ্র দাউদকান্দি উপজেলায় আওয়ামী লীগকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করা অবস্থায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার অনৈতিক, অগঠনতান্ত্রিক ও অবৈধভাবে আরেকটি কমিটি অনুমোদন করেন।যেখানে ইঞ্জিয়ার মহিউদ্দিন শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিতে দোলনকে (গগদত্যাগের আবেদনকারী) যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়।
দোলন চিঠিতে আরও লিখেন, পরের অবৈধ কমিটি ভিজিটিং কার্ড ও ফেসবুক স্ট্যাটাস ছাড়া এখন পর্যন্ত কোনো সভা-সমাবেশ করেনি। এই অবৈধ ও অনৈতিক কমিটিতে আমাকে রাখায় লজ্জাবোধ করছি। তাই এই অনৈতিক কমিটি থেকে অব্যাহতি দিয়ে আমাকে লজ্জা ও অপমান থেকে মুক্ত করার দাবি জানাচ্ছি।