||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ৬ তলা বিশিষ্ট আধুনিক ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২০) দাউদকান্দির ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে প্রধান অতিথি হিসেবে ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
এই ভবনে থাকবে আধুনিকতার ছোঁয়া- মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থাসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। ভবনটি নির্মাণে ব্যয় করা হচ্ছে ৮ কোটি ১২ লক্ষ টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বজলুর রহমান মোল্লা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় সাংসদ সুবিদ আলী ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন হয়। শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। তারই অংশ এই কলেজের নতুন ভবন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম বলেন, এই ৬তলা ভবনটি হলে আমাদের ক্লাস নিতে সুবিধা হবে,
আগে যে একটি ভবন ছিল আমরা সেখানে ঠিকভাবে ক্লাস নিতে পারতাম না। আমাদের শিক্ষকদের বসার কোন স্থান ছিল না। নতুন ৬ তলা ভবন হলে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বেড়ে যাবে। এই কলেজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।