মেঘনায় “যারিফ আলী স্মৃতি বৃত্তি ২০১৯” প্রদান 

 

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “যারিফ আলী স্মৃতি বৃত্তি ২০১৯” প্রদান করা হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ ২০২০) মেঘনা উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অনুদান তুলে দেন কুমিল্লা- ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ ২০২০) দাউদকান্দি উপজেলায় “যারিফ আলী স্মৃতি বৃত্তি ২০১৯” প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম মাহমুদা ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, মেঘনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, মেঘনা থানার ওসি আব্দুল মজিদ, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন শিশিরসহ অন্যান্যরা।

 

 

এই বৃত্তিতে ট্যালেন্ট গ্রেডে প্রতিজন ২০০০টাকা, সাধারণ গ্রেডে ১৫০০টাকা এবং ইউনিয়ন গ্রেডে ১০০০টাকা করে দেয়া হয়।

২০০৯ সালে থেকে চালু হওয়া দাউদকান্দি ও মেঘনায় এখন পর্যন্ত ১২২১ জন শিক্ষার্থীকে সর্বমোট ৩৮ লাখ ৫৩হাজার ৯৪৫টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

 

উল্লেখ্য, যারিফ আলীর জন্ম ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে। বাবা মেজর (অব.) মোহাম্মদ আলী, বর্তমানে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান। মা- ক্যাডেট রোহানী আমরীন। দাদা মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, এমপি ও দাদি মাহমুদা ভূঁইয়া।

 

২০০৭ সালের ২২ অক্টোবর রাজশাহী সেনানিবাস থেকে বাবা-মায়ের সাথে ঢাকা ফেরার পথে নাটোরের হাটিকুমরুল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান যারিফ আলী। এতে স্তব্দ করে দেয় জেনারেল ভূঁইয়ার গোটা পরিবারকে। নাতির অকাল মৃ্ত্যুতে শোকে মূহ্যমান দাদা-দাদী নির্বাক হয়ে পড়েন। যারিফ আলীর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যারিফের দাদা-দাদী দাউদকান্দি ও মেঘনা উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০৯ সালে “যারিফ আলী স্মৃতি বৃত্তি” প্রবর্তন করেন।

 

দাউদকান্দি ও মেঘনার কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে যারিফ আলী স্মৃতি বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে

Comments (0)
Add Comment