।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন আছে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক। তাই শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতিও শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে।
শনিবার (১৩ জুলাই ২০১৯) কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০১৯-এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খেলায় কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মেয়ে দল) এবং ইলিয়টগঞ্জ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছেলে দল) চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশেস সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. রকিব উদ্দিন রকিব, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দীন আহম্মেদ, গোয়ালমারী ইউপির সাবেক চেয়ারম্যান মো. মুক্তার হোসেন, সুন্দুলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ আলম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মইন উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।