বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘বিনামূল্যে সার বিতরণ’ নিয়ে মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
তিনি আজ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি প্রশ্ন রাখেন-‘বেগম খালেদা জিয়া বিনামূল্যে সার বিতরণ নিয়ে কেন মিথ্যাচার করলেন? নতুন প্রজন্ম কি শিখবে?’
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন ভিত্তিক ১০০০ কৃষকদের মধ্যে ১০০০ বিঘা পরিমান জমির জন্য ভূটা, ৫০ জন কৃষকদের মধ্যে ৫০ বিঘা জমির জন্য সরিষা,৫০ জন কৃষকদের মধ্যে ৫০ বিঘা জমির জন্য গ্রীষ্মকালীন মুগের বীজ এবং বীজপ্রাপ্তদের জন্য সমহারে ২১৫০০ কেজি সার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ২০১৭ ইং তারিখ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি আয়োজিত সমাবেশে বেগম খালেদা জিয়া বলেছেন, ‘কৃষকও আজ মহাকষ্টে দিন যাপন করছে। ফসলের দাম তারা সরকারের কাছ থেকে ঠিকমতো পাচ্ছে না। সরকার আজ কৃষককে মারার ব্যবস্থা করেছে। তাঁরা কথা দিয়েছিল তাঁরা বিনামূল্যে সার দিবে। বিনামূল্যে সার তো দেয় না, আমাদের সময়ে যে মূল্য ছিল তারচেয়ে পাঁচগুণ বেশি দামে এখন সার কিনতে হচ্ছে কৃষককে।’