।। নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা-চট্টগাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অঞ্চলে সব জায়গা থেকে রাজনৈতিক সকল পোস্টার, ফেস্টুন এবং বিলবোর্ড সরানোর নির্দেশ দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
বুধবার (১১ ডিসেম্বর ২০১৯) সকালে তিনি এই নির্দেশ দেন। এসময় মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঘেঁষা- ছোট বড় শাখা রাস্তায় পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড দিয়ে ঢেকে ফেলেছেন। যেহেতু সম্মেলন শেষ হয়েছে, তাই প্রচারণার আর প্রয়োজন নাই। পরিবেশের সৌন্দর্য ফিরিয়ে আনতে এগুলি পরিষ্কার করা খুবই জরুরি। তিনি আরো বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রচারণার জন্য দাউদকান্দি উপজেলাই সবচাইতে উপযোগী স্থান ছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনে যোগ দেন দাউদকান্দি হয়েই। তাই প্রচারণার জন্য সবাই এ এলাকাকে বেছে নিয়েছেন।
এখন পরিবেশের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য এই ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড সরানো দরকার।
মেজর (অব.) মোহাম্মদ আলীর নির্দেশের পর মহাসড়ক থেকে বুধবান দিনভর অধিকাংশ ব্যানার-ফেস্টুন সরানো হয়েছে। বাকিগুলো বৃহস্পতিবার সরানো হবে বলে জানানো হয়েছে।