সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে, জেনারেল ভূঁইয়ার শোক প্রকাশ

||নিজস্ব প্রতিনিধি||

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন,এমপি চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার(০৯ জুলাই,২০২০) অ্যাডভোকেট সাহারা খাতুন, রাত ১২:২৬ মিনিটে(ব্যাংকক সময়) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া।
এক শোকবার্তায় এমপি জেনারেল ভূঁইয়া বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন নারী অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে লড়াই করে গেছেন।দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে রাজপথে ছিলাম। তার মৃত্যুতে আমরা একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম।

উল্লেখ্য, গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

১৯৪৩ সালের পহেলা মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্ম গ্রহণ করেন সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

সাহারা খাতুন ছাত্র জীবনেই রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন।

Comments (0)
Add Comment