নিত্যপণ্যের দাম তদারকি: দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের স্থানীয় বাজার পরিদর্শন

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দাম তদারকি ও খাদ্যে ভেজালরোধে তাৎক্ষণিভাবে স্থানীয় দুটি গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

শুক্রবার (১০ মে ২০১৯) বিকেলে তিনি দাউদকান্দি ও প্রসিদ্ধ গৌরীপুর বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারে হেঁটে হেঁটে ক্রেতাদের কাছে জানতে চান, কোথাও নিত্যপণ্যের দাম অতিরিক্ত নেয়া হচ্ছে কিনা। গৌরীপুর বাজারে সব দোকানেই নিত্যপণ্য নির্ধারিত দামে বিক্রি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মেজর মোহাম্মদ আলী (অব.)।

দাউদকান্দি শাকসবজির বাজার পরিদর্শন করছেন উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

এ সময় তিনি জানান, দাউদকান্দি ‍উপজেলার কোথাও কেউ খাদ্যে ভেজাল দেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্যে ভেজালবিরোধী অভিযান নিয়মিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।

মেয়াদোত্তীর্ণ  কোনো পণ্য বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান।

বাজার পরিদর্শনের সময় গৌরীপুরে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- যাত্রীরা এমন অভিযোগ করায় এবং অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ৪ জন সিএনজি অটোরিকশাচালককে গৌরীপুর ফাঁড়ি থানায় নিয়ে যাওয়া হয়।

পরে মেজর মোহাম্মদ আলী আরও বলেন, অবৈধভাবে জায়গা দখল করে পথচারীদের দুর্ভোগ সৃষ্টিকারীদেরকেও ছাড় দেয়া হবে না। শিগগির এদের বিরুদ্ধে অভিযান পরিচালতি হবে।

এরআগে সম্প্রতি রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী আরও  বলেন, কোনো অজুহাতেই রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে দেওয়া হবে না। বাজার মনিটরিং চলছে। সড়কে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চিঠি দেওয়া হবে।

বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান শুক্রবার তাৎক্ষণিভাবে দাউদকান্দি ও গৌরীপুর বাজার পরিদর্শন করেন। এই পরিদর্শন নিয়মিত করা হবে বলেও জানান মেজর মোহাম্মদ আলী (অব.)।