দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ। শুধু বহিঃসংযোগ স্থাপনেই নয়, দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার রাখছে যুগান্তকারী পদক্ষেপ।
সম্প্রতি বরিশাল বিভাগের ৬টি জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার সব সড়ক ও মহাসড়কের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় বরিশাল বিভাগের সবগুলো জেলার রাস্তা হবে আরো উন্নত ও প্রশস্ত। মহাসড়কের মান ঠিক রাখার জন্য নির্মাণ হবে পর্যাপ্ত ড্রেন। ১১০০ মিটার সাইড ডিচ বা ইউড্রেন নির্মাণ করা হবে।
এছাড়াও ১৭১ দশমিক ৬ কিলোমিটার পেভমেন্ট প্রশস্ত এবং মজবুত করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য ৬৬৮ কোটি টাকার বিশাল বাজেট নিয়েছে সরকার। এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বরিশাল বিভাগের সব সড়ক ও মহাসড়কগুলো প্রথম শ্রেণীর সড়কে উন্নীত হবে এবং দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সঙ্গেও বরিশালের ৬ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে, আর সেই লক্ষ্যে বরিশালের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করে যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন সাধনের বৈপ্লবিক অবদান রাখছে সরকার।