দাউদকান্দি মুক্ত দিবস আজ

আজ ৯ ডিসেম্বর, কুমিল্লার দাউদকান্দি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনীর সমন্বিত আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী দাউদকান্দি ছেড়ে যেতে বাধ্য হয়।

৮ ডিসেম্বর দিবাগত সমস্ত রাত এবং ৯ ডিসেম্বর সকাল পর্যন্ত যুদ্ধের পর শহীদনগর ওয়ারলেস ক্যাম্প ও আশপাশে অবস্থান নেয়া পাকিস্তানি সেনারা দাউদকান্দিতে তাদের শেষ আশ্রয়স্থল সড়ক ও জনপথের বাংলোতে উঠে। এরপর দাউদকান্দির দিকে এগিয়ে আসতে থাকে যৌথ বাহিনী। যৌথবাহিনীর সেল নিক্ষেপও অব্যাহত থাকে। টিকে থাকার কোনো উপায় না দেখে হানাদার বাহিনী ৯ ডিসেম্বর দুপুরের পর দাউদকান্দি থেকে কয়েকটি লঞ্চ যোগে গোমতী-মেঘনা নদী দিয়ে গজারিয়া হয়ে ঢাকায় পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় দাউদকান্দি।
এরপর মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগান দিতে দিতে দাউদকান্দি পৌঁছানন, দাউদকান্দিতে স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা উড়ান।

দাউদকান্দি মুক্ত দিবস উপলক্ষে আজ দুপুর ২ ঘটিকায় দাউদকান্দি সদরে যারিফ আলী শিশু পার্কে মিলাদ মাহফিল ও আলোচনা সভা’র আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। সভাপতিত্ব করবেন
দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম।