।।নিজস্ব প্রতিনিধি।।
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট–১ উৎক্ষেপণের করা হচ্ছে আগামী বৃহস্পতিবার [বাংলাদেশ সময় ১১ মে দিবাগত রাত ৩টা]। ঐতিহাসিক এই স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে Space X-এর আমন্ত্রণে যোগ দিচ্ছেন দাউদকান্দির কৃতি সন্তান জুলফিকার আলী।
গতকাল সোমবার বিটিআরসি কার্যালয়ে সাংবাদিকদের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ জানান বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি আবহাওয়ার ওপর নির্ভরশীল। এ কারণে উৎক্ষেপণের জন্য নির্ধারিত কোনো তারিখকেই চূড়ান্ত বলা সম্ভব নয়। এমনকি লঞ্চিং প্যাডে ক্ষণ গণনার মুহূর্তেও উৎক্ষেপণ স্থগিত হওয়ার অনেক উদাহরণ রয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট কক্ষপথে বহন করে নিয়ে যাবে স্পেস এক্সের উৎক্ষেপণ যান ফ্যালকন–৯। গত ৩ মে এ উৎক্ষেপণযানে স্ট্যাটিক ফায়ার টেস্টসহ উৎক্ষেপণ–পূর্ব কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। ওই পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনার পরই নতুন তারিখ নির্ধারণ করা হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্পেস এক্সের লঞ্চিং স্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে ফ্যালকন–৯। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ঢাকায় অবস্থান করে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেও প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় অবস্থান করবেন। আর তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে প্রায় ৪২ সদস্যের একটি প্রতিনিধি দল উৎক্ষেপণের সময় ফ্লোরিডায় অবস্থান করবে।
আর এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করবেন দাউদকান্দির তরুণ তথ্য প্রযুক্তি উদ্যেক্তা জুলফিকার আলী। জুলফিকার আলী কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছোট ছেলে। তথ্য ও প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই সাড়া ফেলেছেন এই তরুণ। আয়কর জমার দেওয়ার সহজ পদ্ধতি নিয়ে বিডিটেক্স টেকনোলজি নামে প্রতিষ্ঠান চালু করেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ জুলফিকার আলী। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। যাত্রা শুরুর পর থেকে সাড়া ফেলে বিডি টেক্স টেকনোলজি লিমিটেড। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ২০,০০০ হাজার।
উল্লেখ্য, দেশের প্রথম বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটিতে থাকবে ৪০ ট্রান্সপন্ডার সক্ষমতা। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশ অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করবে। আর ২০টি ট্রান্সপন্ডার ভাড়া দেবে।