নিজস্ব প্রতিনিধি||
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন কুমিল্লা জেলার গর্ব কৃষিবিদ ‘সমীর চন্দ্র’।
বুধবার (০৬ই নভেম্বর,২০১৯ ইং) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপস্থিতিতে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমীর চন্দ্রকে সংগঠনের সভাপতি ঘোষণা করা হয়।
সমীর চন্দ্র শিক্ষাজীবনে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৯৮৩ সালে তিনি ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় ১৯৮৭ সালে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৯১ সালে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আজীবন সদস্য হন এবং ১৯৯২ সালে পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন এবং কৃষিবিদ ইনস্টিটিটের আজীবন সদস্যপদ লাভ করেন। ১৯৯৭ সালে তিনি বিপুল ভোটের ব্যবধানে কৃষিবিদ ইনস্টিটিউট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন এবং বাংলাদেশ কৃষক লীগের কৃষি উপকরণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
২০০২ সালে তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কৃষিবিদ ইনস্টিটিউটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক এবং সাংগঠনিক সফলতার ধারাবাহিকতায় তিনি ২০১২ সালে (আগের কমিটির) কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং কৃষিবিদ ইনস্টিটিউটের পর পর ২ বার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উল্লেখ্য,কুমিল্লা কান্দিরপাড়ের ঐতিহ্যবাহী “পিপাসা মিষ্টান্ন ভান্ডারের” মালিক সমীর চন্দ্র।