।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দির গোমতী সেতু এলাকার মেঘনা নদীতে ‘কুমিল্লা জেলা প্রশাসক নৌকাবাইচ ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এই নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উসমান উল্লাহর দল। দ্বিতীয় হয়েছে একই জেলার বিজয় নগরের ফুল মিয়া মেম্বারের দল এবং তৃতীয় হয়েছে ওই জেলার শাহ আলম মাস্টারের দল।
শনিবার (৫ অক্টোবর ২০১৯) বিকেলে মেঘনা নদীর চর কাঠালিয়া পয়েন্ট থেকে ঐতিহাসিক এই নৌকাবাইচ শুরু হয়। বিজয়ী দলকে এক লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ৫০ হাজার ও তৃতীয় দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। বিজয়ীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।
ছবি : নৌকাবাইচ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক এবং সভাপতি।
নৌকাবাইচের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর।
৩টি গ্রুপে বিভক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৭টি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, কুমিল্লার দাউদকান্দি ও কুমিল্লার মেঘনা থেকে ১টি করে মোট ১২টি দল অংশ নেয়।
এরআগে, বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবুল ফজল মীর নৌকাবাইচের সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
বৃহৎ এই ইভেন্টের আয়োজক ছিলেন জেলা প্রশাসন, কুমিল্লা ও দাউদকান্দি উপজেলা প্রশাসন। সহযোগিতা করেন দাউদকান্দি উপজেলা পরিষদ।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান- পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে গত দুই সপ্তাহ এই নৌকাবাইচ ইভেন্ট বাস্তবায়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন।