।। নিজস্ব প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে ২ জনকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে র্যাব-২-(মিরপুর, ঢাকা) ও র্যাব-৫ (রাজশাহী) আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এই তথ্য।
র্যাব-২ জানায়, বুধবার ভোর ৫টায় রাজধানীর কল্যাণপুরের মদিনাতুল উলুম মাদ্রাসার পাশে ৩৭ নং বাড়ির ৬ষ্ঠ তলা থেকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা মাহফুজুর রহমানকে আটক করে র্যার-২ এর একটি দল। পরে জিজ্ঞাসাবাদে আটক মাহফুজ জানায়, এর আগেও সে এবং তার চক্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করে বিপুল অর্থ সংগ্রহ করেছে।
র্যাব-৫ জানায়, বুধবার সন্ধায় রাজধানীর বাগমারার সাইধাড়া এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ফাঁস করে অর্থ সংগ্রহ করায় একজনকে আটক করে র্যাব। আটককৃতের নাম রবিউল ইসলাম। সে বাগমাড়ার সাইধাড়ার জহির উদ্দিনের ছেলে।