।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর কোন সরকারের আমলেই এত উন্নয়ন করা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে উন্নয়ন মেলা ২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনের মেলায় বিভিন্ন দপ্তরের প্রায় ৬০টি স্টল বসেছে।
ছবি : উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়া, এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজের বক্তব্যে সুবিদ আলী ভূঁইয়া গত ১০ বছরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, পদ্মা সেতু, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-এলেঙ্গা মহাসড়ক চাললেনে উন্নীত করা হয়েছে। মেয়র হানিফ, মগবাজার-মৌচাক ও কুড়িলের মত অনেক ফ্লাইওভার করা হয়েছে। মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক সফলতা অর্জন, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, পায়রা সমুদ্র বন্দর স্থাপন, একটি বাড়ি একটি খামার প্রকল্প, গ্রামীণ রাস্তা-ঘাট উন্নয়ন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন, কমিউনিটি ক্লিনিক স্থাপন, রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, মাথা পিছু আয় বৃদ্ধি , বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করাসহ অসংখ্য খাতে উন্নয়ন করেছে সরকার। বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক বহু সংস্থা ও প্রতিষ্ঠান বাংলাদেশের উন্নয়ন- অগ্রগতি দেখে অবাক হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট প্রকাশ করেছে।
ছবি : উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়া, এমপি।
বক্তব্যের শেষে সুবিদ আলী ভুঁইয়া আসন্ন নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, যদি দেশের উন্নয়ন চান, আস্থা রাখুন নৌকায়।