||নিজস্ব প্রতিনিধি||
বহুল প্রত্যাশিত গৌরীপুর মোড় থেকে কানাছোয়া- নায়েরগাঁও বাজারের ১৬ কিলোমিটার রাস্তার অবশিষ্ট ৮ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ চলমান।
এরমধ্যে নৈয়ারবাজার অংশে, পানি নিষ্কাশনের জন্য ড্রেনসহ রাস্তা নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী। কারণ ১৬ কিলোমিটার সড়কটির নৈয়ারবাজার অংশে উভয় পাশেই অনেক দোকানপাট রয়েছে। যার কারণে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা তৈরী হয়। এতে চরম দুর্ভোগে পড়েন এ পথে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী, পথচারী এবং বাজারের ক্রেতা-বিক্রেতারা।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (০২ জুলাই, ২০২০) সকালে, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী নির্দেশে তার একান্ত সচিব ও ব্যক্তিগত সহকারী উক্ত স্থান পরিদর্শন করে এলাকাবাসীর দাবীর সত্যতা যাচাই করেন।
উল্লেখ্য, গৌরীপুর-কানাচোয়া সড়কের মোট ১৬ কিলোমিটার , রাস্তার মধ্যে আগেই ৮ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। অবশিষ্ট ৮ কিলোমিটার, কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ জায়ের ট্রেডার্সের অধীনে ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
বাড়িকান্দি অংশ থেকে বিটেশ্বর বাজার পর্যন্ত ২ কি.মি ৩০০ মিটার রাস্তা এবং নৈয়ার বাজার হতে নায়েরগাঁও-কানাচোয়া পর্যন্ত ৫ কি.মি ৬০০ মিটার রাস্তা বিটুমিন ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে কানাচোয়া ও পালের বাজার অংশে জলাবদ্ধতা নিরসনে রাস্তার পাশে ড্রেন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা যায়, টেন্ডার প্রক্রিয়া উল্লেখ না থাকায় নৈয়ারবাজার অংশে কোন ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি।
সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায়, নৈয়ার বাজার অংশে ড্রেনেজ নির্মাণ না হলে বৃষ্টি এবং অল্প পানি জমাট এর মাধ্যমেই আশপাশের দোকানে পানি ঢুকে যেতে পারে এবং জলাবদ্ধতার কারণে রাস্তায় ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমি নিজে সরেজমিন পরিদর্শন ও লোক পাঠিয়ে বিস্তারিত তথ্য নেয়া হয়েছে। গৌরীপুর কানাচোয়া সড়কের নৈয়ার বাজার অংশে যদি ড্রেনেজ নির্মাণ না হয় সে ক্ষেত্রে রাস্তার স্থায়িত্ব টিকবে না, তাই আমি স্থানীয় এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া মহোদয়ের সদয় দৃষ্টি জ্ঞাপন করে বলছি, অতিসত্বর এই অংশে ড্রেনেজ নির্মাণের ব্যবস্থা করে যেন রাস্তা নির্মাণ করার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।
দাউদকান্দি উপজেলার দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান এই সড়কটি কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মেজর জেনারেল(অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার দাবীর প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ কাজ শুরু করেন।