কুমিল্লা-১ আসন নিয়ে আবারও ষড়যন্ত্র করছে পরাজিত চক্র : মেজর মোহাম্মদ আলী (অব.)

।। নিজস্ব প্রতিনিধি।

কুমিল্লা-১ [দাউদকান্দি ও মেঘনা] আসন নিয়ে আবারও পরাজিত চক্র ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর মোহাম্মদ আলী (অব.)।

রোববার, গত ৩০ এপ্রিলের গেজেট বাতিল এবং জাতীয় সংসদ নির্বাচনে হোমনা-মেঘনাকে একত্র রেখে সংসদীয় এলাকা কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে  হাইকোর্ট কর্তৃক রুল জারির পর মতামত জানতে চাওয়া হলে তিনি এ মন্ত্রব্য করেন।

এছাড়াও মেজর মোহাম্মদ আলী (অব.) রোববার রাতে তার ফেসবুক পাতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিখেন, আবার আমাদের নির্বাচনী আসন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা একবার বেইমানি/ষড়যন্ত্র করে, তারা মৃত্যুর আগপর্যন্ত সুযোগ পেলেই তা করতে থাকবে। তবে খারাপ লাগে, যখন দেখি মাননীয় এমপি মহোদয় থেকে যারা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন, তারাই যখন ষড়যন্ত্র/চক্রান্ত করে।

ইতিহাস সবসময়, ষড়যন্ত্রকারীদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করে, যেমন মীরজাফর/মোশতাক।

No problem. Part of LIFE & POLITICS)

(I Love “CHALLENGE”. If There is No Challenge, No success. THERE IS NO SUCCESS WITHOUT HARDSHIP)’

উল্লেখ্য, নির্বাচন কমিশন নানা পক্ষ-বিপক্ষের তুলে ধরা যু্ক্তির ওপর  শুনানি শেষে গত ৩০ এপ্রিল ২০১৮, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) এবং কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) কে চূড়ান্ত সীমানা ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এতে সংসদীয় আসন পুনর্গঠনে ইসি নির্ধারিত ৩টি বিষয় তথা- ১. জনসংখ্যা/ভোটার সংখ্যার ২. জন মতামত ও ৩. যোগাযোগ ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, কিছু ব্যক্তির আবেদনে দাউদকান্দির সঙ্গে তিতাসকে যুক্ত করে কুমিল্লা-১ এবং হোমনার সঙ্গে মেঘনাকে যুক্ত করে কুমিল্লা-২ সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ইসির এই সিদ্ধান্তের পক্ষে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের নেতৃত্বে মাত্র একদিন আনন্দ মিছিল হয়। কিন্তু এর বিপক্ষে ও আসনের সীমানা পুনর্বহালের দাবিতে দাউদকান্দি, মেঘনা, হোমনা ও তিতাসের সর্বস্তরের জনগণ আন্দোলনে নামে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মানবন্ধন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।