।। কে. এইচ. চৌধুরী।।
বর্তমান শেখ হাসিনার সরকারের বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাও। আধুনিক তথ্য-প্রযুক্তির আওতায় আনা হয়েছে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে দিন দিন যুক্ত করা হচ্ছে তথ্য-প্রযুক্তির বিভিন্ন উপকরণ। তারই অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়াতনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১০০টি স্কুলে ল্যাপটপ বিতরণ করেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় উপজেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রোজিনা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।