।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ সকল ধর্মালম্বীর জন্যই শান্তির দেশ। শেখ হাসিনার সরকারের সুশাসনের ফলে দেশে সম্পূর্ণ অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে। তাই সকল ধর্মালম্বী সুন্দর পরিবেশে ও নিরাপদে তাদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠানে পালন করছে।
রোববার বিকেলে সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গঁল শোভাযাত্রা ও র্যালী উদ্বোধনকালে তিনি এক কথা বলেন। শ্রী কৃষ্ণ সংঘ, দাউদকান্দি কেন্দ্রীয় শাখা এই র্যালী ও শোভাযাত্রার আয়োজন করে।
ছবি : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
এ সময় সুবিদ আলী ভূঁইয়া দাউদকান্দি অঞ্চলের সকল সনাতন হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান।
র্যালীতে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. শফিউল বশর ভাণ্ডারী, পৌর মেয়র নাঈস ইউসুফ সেইন, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম এবং শ্রী কৃষ্ণ সংঘের নেত্রবৃন্দসহ স্থানীয় হিন্দুর সম্প্রদায়ের অসংখ্য মানুষ অংশ নেন।
উল্লেখ্য, শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্যাপন করে।
হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।