দুর্নীতির অভিযোগে দাউদকান্দি উপজেলা প্রকৌশলীর অফিস তালাবদ্ধ

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আহসান আলীর বিরুদ্ধে চরম দুর্নীতি ও ঘুষের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে, তাকে অপসারণের দাবিতে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে তালা লাগিয়েছে স্থানীয় ঠিকাদাররা।

বৃহস্পতিবার (০২ জুলাই, ২০২০) দাউদকান্দি উপজেলার সব ঠিকাদার, টাকার বিনিময়ে ফাইল স্বাক্ষর ও টানা দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদস্বরূপ প্রকৌশল অফিস তালাবদ্ধ করে দেন। আহসান আলীকে দ্রুত অপসারণ না করা হলে আগামী রোববার থেকে আন্দোলনের ডাক দেন উপজেলার ঠিকাদাররা।

ঠিকাদাররা জানান, কাজ সঠিকভাবে করার পরেও  কমিশন না দেয়ায়  ফাইল আটকে রাখা হয় দিনের পর দিন। এতে এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। তাই আহসান আলীকে অপসারনের দাবিতে আমরা মাঠে নেমেছি।

ইঞ্জিনিয়ার অফিসে তালা লাগানোর সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলার ঠিকাদার- কাইফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার ফারুক, মো. আক্তার হোসেন, মেসাস লিবার্টি ট্রেডার্স এর নাফিস, মাহাবুব এন্টারপ্রাইজের রবিউল সরকার বাবু, আলিফ এন্টারপ্রাইজের মো. আল-আমিনসহ অন্যান্য ঠিকাদারেরা।

পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অফিস তালাবদ্ধ করে ফিরে আসেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ লিখিতভাবে জানালে, তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।

এই বিষয়ে অভিযুক্ত ইঞ্জিনিয়ার আহসান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি এবং ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, এর আগে দুর্নীতির অভিযোগে উপজেলা প্রকৌশলী আহসান আলী দুইবার (১ম বার ১৬ জুলাই,২০১৯, ২য় বার ২৩ মার্চ ২০২০) সরকারি আদেশে অন্যত্র বদলি করা। কিন্তু অদৃশ্য শক্তির বলে সে সরকারি আদেশ অমান্য করে বর্তমান কর্মস্থল দাউদকান্দি উপজেলায় থেকে যায়। এমন তথ্য দিয়েছেন ঠিকাদাররা।

Comments (0)
Add Comment