।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হয়েছে। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করার অঙ্গিকার করেছে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ- এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের আহ্বানে এবং তার বাসভবনে উপজেলার বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে এক বিশেষ বৈঠকে এই অঙ্গিকার করা হয়।
এ সময় বারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন তালুকদারের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা বুক মিলান।
উল্লেখ্য, মনির হোসেন তালুকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও গ্রুপিং চলে আসছিল গোলাম মোস্তফার। সেই দ্বন্দ্বের জের ধরে গত ডিসেম্বরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মনির হোসেনের বিপক্ষে গিয়ে ধানের শীষের প্রার্থী আলাউদ্দিনের পক্ষে কাজ করেন মোস্তফা খান। পরে নৌকার নির্বাচনী প্রচারণা কেন্দ্র ভাঙচুরের অভিযোগে মোস্তফা খানকে প্রধান আসামি করেন মামলাও করেন মনির হোসেন তালুকদার। এমনই সাপে-নেউলে দ্বন্দ্ব ও শত্রুতার অবসান ঘটান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী। বহস্পতিবারের বৈঠকে অতীতের সকল দুঃখ-কষ্ট ও পাওয়া-না পাওয়া ও দ্বন্দ্ব ভুলে গিয়ে নৌকার প্রার্থী ও স্থানীয় সাংসদ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়াকে আসন্ন নির্বাচনে বিপুলভোটে নির্বাচিত করারও অঙ্গিকার করেন তারা।
বিশেষ এই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ই. আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আক্তারুজ্জামান লাবু ও বারপাপড়া ইউনিয়ন আওয়াম লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ কবির এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব ও যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।