নিজস্ব প্রতিনিধি।।
নির্বাচন কমিশন যৌক্তিকতা ও বাস্তবতা অনুধাবন করে কুমিল্লা-১ আসনের সীমানা পুনর্বহাল রাখায় সকল ষড়যন্ত্রের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
সোমবার দুপুরে ইসি ২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে এবং কুমিল্লা-১ সহ বেশ কিছু আসনের সীমানা পুনর্বহাল রেখে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত ঘোষণা করার পর দাউদকান্দিনিউজকে দেয়া এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
এ সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও এদিন জানায় ইসি।
সংবাদ সম্মেলনে ইসি জানায়, যে ২৫টি আসনের সীমানার পরিবর্তন এসেছে, সেগুলো হলো নীলফামারী ৩, ৪; রংপুর ১, ৩; কুড়িগ্রাম ৩, ৪; সিরাজগঞ্জ ১, ২; খুলনা ৩, ৪; জামালপুর ৪, ৫; নারায়ণগঞ্জ ৪, ৫; সিলেট ২, ৩; মৌলভীবাজার ২, ৪; ব্রাহ্মণবাড়িয়া ৫, ৬; কুমিল্লা ৬, ৯, ১০ ও নোয়াখালী ৪, ৫।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে এ প্রসঙ্গে মেজর মোহাম্মদ আলী (অব.) তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘আলহামদুলিল্লাহ।
সকল প্রশংসা আল্লাহ তায়ালার। “নির্বাচনের আগেই নির্বাচনে বিজয়ের” বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সকল ষড়যন্ত্রের অবসান হয়েছে। কুমিল্লা-১ নির্বাচনী আসন “দাউদকান্দি-মেঘনা” উপজেলা নিয়েই থাকবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত জনগণের দাবিরই প্রতিফলন।
দল-মত নির্বিশেষে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, “নৌকা” প্রতীকের পক্ষে “নির্বাচন যুদ্ধে” অবতীর্ণ হওয়ার জন্য সকলকে প্রস্তুত হবার আহবান জানাচ্ছি। জয় আমাদের সুনিশ্চিত।।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।