১৭ বছর পর মঙ্গলবার লক্ষ্মীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ১৭বছর পর মঙ্গলবার (১৪ মার্চ) লক্ষ্মীপুরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তাকে বরণ করে নিতে এরমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে হেলিকপ্টার যোগে লক্ষ্মীপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। পরে বিকেল তিনটায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা স্টেডিয়াম মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে ঘোটা লক্ষ্মীপুরকে। শত-শত তোরণ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর আলোকসজ্জ্বায় বর্ণিল করে সাজানো হয়েছে লক্ষ্মীপুরের প্রতিটি রাস্তা-ঘাটকে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ ভবন, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম, কমলনগর উপজেলা পরিষদ ভবন, কমলনগর উপজেলা অডিটোরিয়াম, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ কমলনগর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও প্রাণী হাসপাতাল উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।

এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস-কোস্টগার্ড মজু চৌধুরীর হাট, পুলিশ অফিসার্স মেস, লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ি, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, লক্ষ্মীপুর খাদ্য গুদামে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন গুদাম নির্মাণ, রামগঞ্জ উপজেলায় ১৩২/৩৩ কেবি গ্রিড উপ-কেন্দ্র নির্মাণ, পিয়ারাপুর সেতু, চেউয়াখালী সেতু, মজু চৌধুরীর হাটে নৌ-বন্দর, লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণী বিতান, রামগঞ্জে আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন সদর দপ্তর কমপ্লেক্স, লক্ষ্মীপুর পৌর আজিম শাহ (রা.) হকার্স মার্কেট, লক্ষ্মীপুর সরকারি কলেজ একাডেমিক ভবন কাম-পরীক্ষা কেন্দ্র, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মহিলা ব্যারাক নির্মাণ, লক্ষ্মীপুর শহর সংযোগ সড়কে পিসি গার্ডার সেতু নির্মাণ, রায়পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও কমলনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কাছে লক্ষ্মীপুরে কৃষি খামার, নৌবন্দর, প্রযুক্তি বিশবিদ্যালয়, রেল লাইন স্থাপন, চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় বাস্তবায়নসহ জেলার বিভিন্ন উন্নয়নের দাবি উপস্থাপন করা হবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিঞা গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন জানান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে আগমনকে ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীসহ জেলাবাসীর মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আসা উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment